বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও অপরাধের ঝুঁকি তুলে ধরে ‘লেভেল–৩: ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনা করুন’ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য দেওয়া হয়েছে সর্বোচ্চ পর্যায়ের ‘লেভেল–৪: ভ্রমণ করবেন না’ সতর্কবার্তা।
বৃহস্পতিবার (স্থানীয় সময়) ওয়াশিংটন থেকে প্রকাশিত এ সতর্কবার্তায় বলা হয়, ২০২৪ সালের নির্বাচন-পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পর সংঘর্ষ কিছুটা কমলেও পরিস্থিতি যেকোনো সময় আবার অস্থিতিশীল হয়ে উঠতে পারে। দেশে হঠাৎ বিক্ষোভ বা সহিংসতার আশঙ্কা রয়েছে। এমনকি শান্তিপূর্ণ জমায়েতও মুহূর্তের মধ্যে সহিংসতায় রূপ নিতে পারে, যা ভ্রমণকারীদের জন্য ঝুঁকিপূর্ণ।
রাজধানী ঢাকা এবং বড় শহরগুলোতে পকেটমারি, ছিনতাই, ডাকাতি, হামলা ও মাদক পাচারের মতো অপরাধের আশঙ্কার কথাও তুলে ধরা হয়েছে সতর্কবার্তায়। যদিও বিদেশিদের লক্ষ্য করে এমন অপরাধ সংঘটনের নির্দিষ্ট তথ্য নেই, তবুও এসব অপরাধ সময়ে সময়ে ঘটে থাকে বলে জানানো হয়েছে।
সবচেয়ে কঠোর সতর্কতা জারি করা হয়েছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) জন্য। সেখানে সশস্ত্র সহিংসতা, সন্ত্রাসবাদ, অপহরণ ও বিচ্ছিন্নতাবাদী হামলার ঝুঁকির কথা তুলে ধরে বলা হয়েছে, ওই এলাকায় ভ্রমণ পুরোপুরি এড়িয়ে চলা উচিত।
সতর্কবার্তায় বলা হয়, পার্বত্য চট্টগ্রামে অপহরণের অনেক ঘটনাই ঘটে পারিবারিক বিরোধ বা ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে। এ ছাড়া ওই অঞ্চলে গুলি, বিস্ফোরণ এবং সহিংস রাজনৈতিক কর্মসূচির মতো ঘটনাও ঘটতে দেখা যায়।
তবে কক্সবাজার ও সিলেট অঞ্চলে ভ্রমণের ক্ষেত্রে তেমন কোনো নিষেধাজ্ঞা নেই। পার্বত্য এলাকায় ভ্রমণের ক্ষেত্রে সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পূর্বানুমতি নেওয়ার কথাও বলা হয়েছে।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের কূটনীতিকদের জন্য কূটনৈতিক জোনের বাইরে ঢাকার অন্য এলাকায় অপ্রয়োজনীয় চলাচল সীমিত রাখা হয়েছে।