বাংলা নববর্ষে 'খনা' নাটকের প্রথম মঞ্চায়ন
নির্দেশক মোহাম্মদ আলী হায়দারের তত্ত্বাবধানে নাট্যদল বটতলার প্রশংসিত প্রযোজনা ‘খনা’-র ৯২তম মঞ্চায়ন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ এপ্রিল, শুক্রবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে।
‘খনা’ নাটকটি নারী, শ্রেণি ও ক্ষমতা কাঠামোর মতো গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যু তুলে ধরেছে। প্রায় দেড় হাজার বছরের পুরোনো এই আখ্যান বর্তমান সময়েও সমানভাবে প্রাসঙ্গিক। নাটকের প্রেক্ষাপটে উঠে এসেছে একজন নারীর ঘরের বাইরে পা রাখার যাত্রাপথে প্রথম প্রতিবন্ধকতা আসে ঘরের ভেতর থেকেই। ‘খনা’ সেই সত্যের মুখোমুখি দাঁড় করায় দর্শকদের, প্রশ্ন তোলে জ্ঞান, মূঢ়তা ও প্রজ্ঞার সীমা নিয়ে।
খনার আখ্যান চষে বেড়ায় গ্রামীণ জীবনের সঙ্গে জড়িয়ে থাকা কৃষি সংস্কৃতি বেগুনের ক্ষেত, কলা বাগান, কিংবা কোনো উঠানে দাঁড়িয়ে খনা তুলে ধরে তার প্রজন্মান্তরের জ্ঞান ও অভিজ্ঞতা। নাটকটি একাধারে ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে তুলে এনেছে নারী অধিকার ও শ্রেণিচেতনার গভীর পাঠ।
নারী দিবসের শতবর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে দেশ-বিদেশে ৯১টি প্রদর্শনীতে ‘খনা’ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২-র শুরুতে এই আয়োজন আবহমান বাংলার সংস্কৃতি উদযাপনেও একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ হয়ে উঠেছে বলে জানিয়েছে নাট্যদল বটতলা।
নাটকটিতে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, ইমরান খান মুন্না, তৌফিক হাসান, শারমীন ইতি, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের, পংকজ মজুমদার, রিশাদুর রহমান রিশাদ, লায়েকা বশীর, পলাশ নাথ, সানজিদা ইয়াসমীন, সুমিত তিওয়ারি, রেওয়াজ, সৃষ্টি, অন্তুসহ আরও অনেকে।
‘খনা’ শুধু একটি নাট্য প্রযোজনাই নয় এটি একটি সময়চিহ্ন, একটি প্রতিবাদ ও প্রস্তাবনা, যা অতীতের ভাষায় বলে বর্তমানের কথা।