বাগেরহাট ও খুলনা সফরে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দিনব্যাপী সরকারি সফরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে হেলিকপ্টারে করে বাগেরহাট ও খুলনার পথে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল পৌনে ৯টার দিকে গুলশানের বাসভবন থেকে তিনি তেজগাঁও বিমানবন্দরে যান এবং সেখান থেকে সকাল ৯টায় মোংলার উদ্দেশে উড্ডয়ন করেন।
সফরসূচি অনুযায়ী, মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি ও সংশ্লিষ্ট অবকাঠামো নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতা নিয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
প্রধানমন্ত্রীর সঙ্গে এই সফরে আছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এ ছাড়া স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) শীর্ষ কর্মকর্তারাও সফরসঙ্গী হয়েছেন।
মোংলার কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাগেরহাটে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন তিনি।
সব কর্মসূচি শেষ করে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।