আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগামীতে বাংলাদেশে আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায়, এবং নির্বাচন কমিশন এই ব্যাপারে পূর্ণ প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। তিনি আরও বলেন, নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইইউ কারিগরি ও আর্থিক সহায়তা দিতে আগ্রহী।

আজ রোববার, রাজধানীর আগারগাওয়ে নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের ৫ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন সিইসি। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় সিইসি বলেন, ‘‘ইউরোপীয় ইউনিয়ন আমাদের নির্বাচনী প্রস্তুতি ও বাজেট সম্পর্কে জানতে চেয়েছিল। আমরা তাদের জানিয়েছি যে, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং বাজেটের কোনো সমস্যা নেই।’’

তিনি আরও বলেন, ‘‘ইইউ আমাদের শুধু নির্বাচনে নয়, বরং দেশের সার্বিক উন্নয়নে যে কোনো ধরনের সহায়তা করতে আগ্রহী। তারা জানতে চেয়েছেন, আমাদের কী ধরনের সাহায্য প্রয়োজন। আমরা তাদের জানিয়েছি, ইউএনডিপি ইতিমধ্যে একটি প্রয়োজনীয় অ্যাসেসমেন্ট করেছে এবং আগামী মাসে একটি কর্মশালা আয়োজন করবে, যেখানে সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।’’

প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, ‘‘আমরা নির্বাচন কমিশনে কোনো কাজ গোপনে করছি না, সবকিছু স্বচ্ছতার সঙ্গে করা হচ্ছে। প্রতিদিনই মিডিয়ার সঙ্গে আমাদের যোগাযোগ রয়েছে এবং আশা করি সবাই সহযোগিতা করবে।’’

অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘‘অতীতের ঘটনা ভুলে গিয়ে বর্তমান পরিস্থিতিতে মনোনিবেশ করা উচিত। আমরা সবার জন্য সঠিকভাবে দায়িত্ব পালন করার পরিবেশ তৈরি করে দেব।’’

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার সাংবাদিকদের জানান, ‘‘আমরা বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনে নির্বাচন কমিশনের প্রস্তুতি জানার জন্য এসেছি। এ ছাড়া, আমি নির্বাচন কমিশনকে তিনটি বার্তা দিয়েছি। প্রথমত, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ অংশীদার এবং আমরা নির্বাচন পরিচালনায় তাদের পাশে আছি। দ্বিতীয়ত, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায়। তৃতীয়ত, আমরা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী নির্বাচন পরিচালনায় সহায়তা প্রদান করতে প্রস্তুত, এবং নির্বাচনী পর্যবেক্ষক পাঠানোরও প্রস্তুতি রয়েছে।’’

ওআইসি মিশন প্রধানদের বৈঠক:

এছাড়া, নির্বাচন কমিশন আগামীকাল (১৭ মার্চ) ইসলামিক কো-অপারেশন অর্গানাইজেশন (ওআইসি) সদস্য দেশগুলোর মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি তুলে ধরা হবে। এতে আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনেই, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরকো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

All Categories