আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: নাহিদ ইসলাম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শহীদ জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আপাতত তারা এককভাবেই জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সমঝোতা বা জোট গঠনের প্রশ্নে তিনি বলেন, তা হবে কেবল রাজনৈতিক ও আদর্শিক ভিত্তিতে।
বুধবার দুপুরে সাংবাদিকদের তিনি বলেন, “সমঝোতা বা জোট—এটা একটি রাজনৈতিক ও আদর্শিক জায়গা থেকে হতে পারে। জুলাই সনদের সংস্কারের দাবির সঙ্গে যদি কোনো দল সংহতি প্রকাশ করে, তখন আমরা জোটের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। তবে এখন পর্যন্ত আমরা এককভাবেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এই মাসের ১৫ তারিখের মধ্যে আমরা আমাদের প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করব।
নাহিদ ইসলাম জানান, তাদের লক্ষ্য সবগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করা। তবে ফ্যাসিবাদবিরোধী ও গণতন্ত্রের আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাদের আসনে এনসিপি প্রার্থী দেবে না। তিনি বলেন, খালেদা জিয়ার কথাও এসেছে। তাদের সম্মানের জন্য আমরা সেসব আসনে প্রার্থী দেব না। অন্য সব আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী থাকবে।
বর্তমান নির্বাচনী সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি বলেন, এই দেশে যাদের টাকা আছে, যারা এলাকায় গডফাদারগিরি করে—আমরা সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে চাই। আমরা চাই মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানো, গ্রহণযোগ্য সাধারণ মানুষ সংসদে যাক।
গাজী সালাহউদ্দিনের মৃত্যু প্রসঙ্গে নাহিদ ইসলাম গভীর শোক জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার আহত জুলাই যোদ্ধাদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। ফলে ক্রমেই মৃত্যুর সংখ্যা বাড়ছে। তার ভাষায়, যারা এখনও শরীরে স্প্রিন্টার নিয়ে কাতরাচ্ছেন, তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এটা নিশ্চিত না হলে এ ধরনের মৃত্যু থামবে না।
তিনি আরও দাবি করেন, গাজী সালাহউদ্দিন মৃত্যুর আগে স্থানীয় একটি রাজনৈতিক দলের কর্মীদের হেনস্তার শিকার হয়েছিলেন এবং ঘটনাটি থানায় গিয়েছে। তিনি বলেন, জুলাই যোদ্ধারা সারাদেশে রাজনৈতিক নিরাপত্তা সংকটে আছেন। সরকার এবং সব রাজনৈতিক দলের দায়িত্ব নিতে হবে—কারণ তাদের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে পরাজিত করে নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশ কোনো ফ্যাসিবাদীর জায়গা হবে না।
নাহিদ ইসলাম শেষ পর্যন্ত আহ্বান জানান, নতুন সরকার যেই আসুক না কেন, আহত ও শহীদ জুলাই যোদ্ধাদের প্রতি অঙ্গীকার যেন অক্ষুণ্ণ থাকে।