আমি ঋণী হয়ে রইলাম : ইধিকা পাল

আমি ঋণী হয়ে রইলাম : ইধিকা পাল

ঢাকাই সিনেমায় ‘প্রিয়তমা’ দিয়ে যাত্রা শুরু করেছিলেন কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। ২০২৩ সালের ২৯ জুন মুক্তি পাওয়া হিমেল আশরাফ পরিচালিত এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন তিনি। দর্শকনন্দিত ওই ছবিতে চঞ্চল এক তরুণীর চরিত্রে অভিনয় করে তৈরি করেন বিশেষ পরিচিতি।

এরপর থেকেই দর্শকের কৌতূহল ছিল, কবে আবার পর্দায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে ইধিকাকে। সেই কৌতূহলের উত্তর এসেছে এবারের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার ছবি ‘বরবাদ’-এর মাধ্যমে। ছবিটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়।

‘প্রিয়তমা’র পর শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’-এ দ্বিতীয়বারের মতো জুটি বেঁধেছেন ইধিকা। ছবি মুক্তির পর দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। পর্দায় তাঁদের রসায়ন দর্শকের চোখ এড়ায়নি।

‘বরবাদ’ এ কাজের অভিজ্ঞতা নিয়ে ইধিকা পাল বলেন, “প্রিয়তমা ছিল আমার প্রথম সিনেমা। সেটার অভিজ্ঞতা একদম আলাদা। খুব আবেগের জায়গা ছিল। তখন ভাবনায় ছিল, আমাকে খুব ভালো করতে হবে, যেন দর্শকের ভালোবাসা পাই। কিন্তু বরবাদের সময় ভাবনাটা ছিল, আগের চেয়ে আরও ভালো করতে হবে। আমার প্রতি দর্শকের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা যেন পূরণ করতে পারি এই চেষ্টা ছিল।

শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করা প্রসঙ্গে ইধিকা বলেন, এটা ছিল আমাদের দ্বিতীয় ছবি। ‘প্রিয়তমা’তে দর্শক যে ভালোবাসা দিয়েছেন, ‘বরবাদ’-এ যেন তা আরও বেড়ে যায়—এমনটাও চেয়েছি। মুক্তির পর দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তাতে বলতে পারি, আমার প্রত্যাশাগুলো পূরণ হয়েছে।আমি বাংলাদেশের সব দর্শকের প্রতি ভীষণ কৃতজ্ঞ। তাদের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে রইলাম।

All Categories