আমার বাড়ি ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, আমি রাজি: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী অভিযোগ করেছেন, টাঙ্গাইল সদরের আকুর টাকুর পাড়ায় তার বাড়িতে হামলা চালানো হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ১০–১২ জন লোক ঢিল ছুড়ে গাড়ি ভাঙচুর করেছে বলে তিনি দাবি করেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেন, আমার বাড়ি ভেঙেছে, আরও ভাঙুক। বঙ্গবন্ধুর ৩২ নম্বর বাড়িতে যখন গিয়েছিলাম, তখন আমার গাড়ি ভেঙেছিল। আরও ভেঙে যদি দেশে শান্তি আসে, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি আছি।

তিনি বলেন, কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি। তবে এ ঘটনায় তিনি মামলা করবেন। তার অভিযোগ, কোটা বিরোধী ও বৈষম্যবিরোধী আন্দোলনের পর আমরা এই স্বৈরাচারী মনোভাব আশা করিনি। আওয়ামী লীগ যদি স্বৈরশাসক হয়ে যায়, তাহলে আজকের কর্মকাণ্ডকে কী বলে আখ্যায়িত করব?

দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রসঙ্গ টেনে কাদের সিদ্দিকী বলেন, দেশ হাসিনার সঙ্গে ২৬ বছর সংগ্রাম করেছি। আওয়ামী লীগ আমাদের অনেক প্রোগ্রাম করতে দেয়নি। তার পরেও যদি সবাইকে আওয়ামী লীগের দোসর বানানো হয়, তাহলে মনে করতে হবে বৈষম্যবিরোধী আন্দোলনকে ব্যর্থ করার জন্য ষড়যন্ত্র চলছে।

হামলার পেছনে ষড়যন্ত্র আছে কি না, সেই প্রশ্নও তোলেন তিনি। তার ভাষায়, দেশকে অস্থিতিশীল করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা সুযোগ খুঁজছে। সেই সুযোগ অন্তবর্তীকালীন সরকার দিচ্ছে কি না, নিশ্চিত নই। আমার বাড়ি যদি নিরাপদ না থাকে, তাহলে সাধারণ গরিব মানুষ নিরাপদ থাকবে কীভাবে?

সরকারের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, সরকার সরে আসুক। চোরাগোপ্তা হামলা বন্ধ হোক। দেশবাসীকে বলব আপনারা জাগ্রত হোন, রুখে দাঁড়ান।

সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকীর ছোট ভাই শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

All Categories