আ.লীগকে দ্রুত নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’:নাহিদ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে আবারও ঢাকা অভিমুখে মার্চের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার রাত আটটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে, আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে—এটাই প্রত্যাশা।”

নাহিদ ইসলাম আরও দাবি করেন, বর্তমানে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড কর্মসূচি চলছে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, “দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে।”

উল্লেখ্য, শুক্রবার বিকেল থেকেই শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি চলছে, যেখানে এনসিপিসহ আরও কয়েকটি রাজনৈতিক ও ধর্মভিত্তিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন। তাঁরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে স্লোগান ও বক্তৃতা দিচ্ছেন।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

All Categories