আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা

নজরুলসংগীতের খ্যাতিমান শিল্পী ফেরদৌস আরাকে আজীবন সম্মাননায় ভূষিত করতে যাচ্ছে চ্যানেল আই। আগামী ১৯ মে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত ২০তম চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে তাঁকে এই সম্মাননা প্রদান করা হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

দীর্ঘ সংগীতজীবনে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পেতে যাচ্ছেন ফেরদৌস আরা। সম্মাননার খবরে তিনি নিজেও অভিভূত। প্রথম আলোকে তিনি বলেন, এই পুরস্কার আগামী দিনের কাজের জন্য বড় অনুপ্রেরণা। শুধু সংগীত নিয়ে এমন আয়োজন আমাদের দেশে খুব কমই হয়। রবীন্দ্র, নজরুল, শাস্ত্রীয়, আধুনিক কিংবা চলচ্চিত্রের গান সব ক্ষেত্রের শিল্পীদের স্বীকৃতি দেওয়ার এই যে উদ্যোগ, তা সত্যিই প্রশংসনীয়।

তিনি আরও বলেন, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড সংগীতজগতের সব শাখার মানুষকে সম্মানিত করে, উৎসাহ জোগায়। আমাদের দেশে সংস্কৃতিজনদের প্রতিনিয়ত নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগোতে হয়। এই ধরনের সম্মাননা সেই অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করে। এবার আমাকে আজীবন সম্মাননায় ভূষিত করা হচ্ছে এটা আমার জন্য গর্বের, আনন্দের, পাশাপাশি কাজের গতি বাড়ানোর উৎসাহও বটে।

চ্যানেল আই দুই দশক ধরে ধারাবাহিকভাবে এই সংগীত পুরস্কার প্রদান করে আসছে।

All Categories