আজ ঢাকায় গাইবেন পাকিস্তানি গায়িকা আইমা বেগ
প্রথমবারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইমা বেগ। আজ শুক্রবার রাজধানীর একটি কনভেনশন হলে ‘রুল দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের কনসার্টে গাইবেন তিনি। এর আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
ইয়ামাহার ব্যানারে ‘ওয়ান ট্রু সাউন্ড’ শিরোনামে নিয়মিত কনসার্ট আয়োজন করা হয়, যেখানে অংশ নেন দেশের বিভিন্ন শিল্পী। এবার সেই আয়োজনে যুক্ত হলেন আন্তর্জাতিক শিল্পী আইমা বেগ। বিকেল ৪টায় শুরু হবে কনসার্ট।
আয়োজকেরা জানিয়েছেন, শুরুতে অনুষ্ঠানটি সেনা প্রাঙ্গণে করার পরিকল্পনা থাকলেও পরবর্তী সময়ে ভেন্যু পরিবর্তন করা হয়েছে। এ আয়োজন শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য উন্মুক্ত থাকবে।
২০১৬ সালে পাকিস্তানি সিনেমা লাহোর সে আগেতে প্রথম প্লেব্যাক করেন আইমা বেগ। সিনেমাটির তিনটি গানে কণ্ঠ দেন তিনি। এর মধ্যে কালাবাজ দিল গানটির জন্য লাভ করেন লাক্স স্টাইল অ্যাওয়ার্ড ও গ্যালাক্সি ললিউড অ্যাওয়ার্ড।
এরপর সাত দিন মোহাব্বত ইন, দ্য ডাংকি কিং, কাফ কাঙ্গনা, বাজিসহ একাধিক চলচ্চিত্রে গান গেয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। পাশাপাশি কোক স্টুডিও পাকিস্তানের ২০১৭, ২০১৮ ও ২০১৯ মৌসুমেও গান গেয়েছেন এই সঙ্গীতশিল্পী।