আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব
আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, গুম ও হত্যার সঙ্গে জড়িত থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই।
আজ শুক্রবার সকালে মাগুরা-ঢাকা সড়কের পাশে জুলাই স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর সময় তিনি এ কথা বলেন।
শফিকুল আলম বলেন, জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে, সে উদ্দেশ্যেই এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময় মাগুরার কিছু শহীদের কথা মানুষ ভুলে গেছে। কারণ, তাঁদের স্মরণে আগে কোনো স্মৃতিস্তম্ভ তৈরি হয়নি।
জুলাই সনদে কিছু রাজনৈতিক দলের স্বাক্ষর না করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, এটি খুব গুরুত্বপূর্ণ নয়। কারণ, অধিকাংশ দলই এতে একমত পোষণ করে স্বাক্ষর করেছে। যারা স্বাক্ষর করেনি, তাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে, তবে মূল বিষয়গুলোতে সবাই একমত।
তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে সব দলই অংশ নিতে প্রস্তুত। এবার দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের সমালোচনা করে শফিকুল আলম বলেন, তারা অতীতে টাকার বিনিময়ে নির্বাচন করেছে, ভোট কারচুপি করেছে। কিন্তু এবার তা হবে না। জনগণ নিজের ভোট নিজে দেবে, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে।
না ভোট’ প্রসঙ্গে তিনি বলেন, যদি কোথাও একজন প্রার্থী থাকেন, তবে সেখানে ‘না ভোট’ হবে। এটি আরপিওতে (RPO) স্পষ্টভাবে উল্লেখ আছে। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই।