আ. লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই: আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর দেওয়া নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে, এমন কোনও সম্ভাবনা নেই। নির্বাচনের আগে বা অদূর ভবিষ্যতে এই নিষেধাজ্ঞা উইথড্র হওয়ার কোনও ইঙ্গিত নেই।

আজ বুধবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর শ্রী শ্রী শংকর মঠ পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল আরও বলেন, ‘সারা দেশে দুর্গোৎসব আনন্দের সঙ্গে পালিত হচ্ছে। প্রত্যেক ধর্মের মানুষ বাংলাদেশের নাগরিক। ধর্ম পালনের ক্ষেত্রে প্রত্যেকের সমান অধিকার রয়েছে।’ বরিশালে পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সন্তোষ প্রকাশ করেন।

বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে তিনি জানান, ‘ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পর এক মিনিটও থাকার ইচ্ছে আমাদের নেই। আমরা চেয়েছি বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি হোক।’ ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ে ৯-১০টি সংস্কার সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় আইন উপদেষ্টা বরিশাল সার্কিট হাউজে পৌঁছানোর পর নগরীর নতুন বাজার সংলগ্ন শংকর মঠ পরিদর্শন করেন।

All Categories