৬০ কিমি গতির ঝড়ের আভাস, ঝুঁকিতে ১১ অঞ্চল
বাংলাদেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক নদীবন্দর পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সন্ধ্যার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, কুমিল্লা, রংপুর, বগুড়া, রাজশাহী, যশোর, কুষ্টিয়া এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ধরনের আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, এই সময়কালে সতর্কতা মেনে চলা এবং প্রয়োজন ছাড়া নৌযাত্রা এড়িয়ে চলাই হবে নিরাপদ।