২৪ ঘণ্টা পর ভেসে উঠল চবির আরেক শিক্ষার্থীর লাশ, এখনো নিখোঁজ অরিত্র

কক্সবাজারের হিমছড়ি সৈকতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিখোঁজ আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে সমিতিপাড়ার সৈকত এলাকা থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ ভেসে ওঠে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও বিভাগের শিক্ষক সাঈদ বিন কামাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল (মঙ্গলবার) উদ্ধার করা হয় একই বিভাগের শিক্ষার্থী কে এম সাদমান রহমান সাবাবের মরদেহ। এখনো নিখোঁজ রয়েছেন শিক্ষার্থী অরিত্র হাসান।

ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের পাঁচ শিক্ষার্থী সম্প্রতি ঘুরতে গিয়েছিলেন কক্সবাজার। গত সোমবার হিমছড়ির জাদুঘরসংলগ্ন সৈকতে গোসলে নামার পর থেকে নিখোঁজ হন তিনজন—সাবাব, আসিফ ও অরিত্র। সঙ্গে থাকা অন্য দুই শিক্ষার্থী ফারহান ও রিয়াদ অক্ষত ছিলেন।

সহপাঠীদের ভাষ্যমতে, তিনজনেই চবির শহীদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন। সোমবার রাতে তাঁরা হিমছড়ি পৌঁছান এবং রাতে সেখানেই অবস্থান করেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে সৈকতে নামার পরপরই হঠাৎ বড় ঢেউয়ে তলিয়ে যান তিনজন।

সহপাঠী ফারহান বলেন, ‘শুরুতে কারোরই পানিতে নামার ইচ্ছে ছিল না। কিন্তু সাবাব সবার আগে নামলে বাকিরাও তার দেখাদেখি পানিতে নামে। ঢেউ তখন তেমন ছিল না, কিন্তু হঠাৎ বড় ঢেউ আসতে শুরু করে। তারা উঠে আসার চেষ্টা করেও পারেনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জানান, সাবাবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসিফের মরদেহ আজ সকালে উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ থাকা অরিত্র হাসানের খোঁজে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

All Categories