১২ অক্টোবর থেকে দেশজুড়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, প্রচারণা চলবে মসজিদ-মন্দিরে

আগামী ১২ অক্টোবর থেকে দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রচারণার নির্দেশনা দিয়েছে।

৮ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় কর্মসূচির বার্তা প্রচারের ব্যবস্থা নিতে হবে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১২ অক্টোবর থেকে সারাদেশে একযোগে পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রম পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড খানা তথ্যভান্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের জন্য পাঠানো বার্তায় জানানো হয়েছে, সরকারের প্রশিক্ষিত কর্মীরা প্রতিটি বাড়িতে গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা সবচেয়ে বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।

বার্তায় পরিবারের সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানিয়ে বলা হয়েছে, তথ্য কম-বেশি করে দেওয়া উচিত নয়। এতে প্রকৃত অভাবী পরিবারের অধিকার ক্ষুণ্ন হতে পারে। এছাড়া, কেউ টাকার বিনিময়ে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিলে তাকে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য দিতে কোনো অর্থ লাগবে না বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে। এ ধরনের প্রতারণার বিষয়ে প্রয়োজনে ১০৯৮ নম্বরে জানানোর কথা বলা হয়েছে।

All Categories