যুক্তরাষ্ট্রের ডালাসে জেমসের প্রাণবন্ত কনসার্ট

যুক্তরাষ্ট্রের ডালাসে জেমসের প্রাণবন্ত কনসার্ট

নগরবাউলখ্যাত রকস্টার জেমস যিনি তার শক্তিশালী কণ্ঠ ও অনবদ্য গিটার বাজনার জন্য পরিচিত এবার যুক্তরাষ্ট্রের টেক্সাসের ডালাস শহরে এক ঐতিহাসিক কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। এই তথ্য নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

আগামী ১৪ জুন ডালাসের প্ল্যানো ইভেন্ট সেন্টারে শোটি অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানান এটি বাংলাদেশের কোনো ব্যান্ডের জন্য সবচেয়ে বড় ও ঐতিহাসিক কনসার্ট হিসেবে বিবেচিত হবে। এর আগে যুক্তরাষ্ট্রে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড পারফর্ম করেনি এমন দাবি করেছেন আয়োজকরা।

অনলাইন টিকিট বিক্রি প্ল্যাটফর্ম টিকিট ফাইওস.কম এ চ্যাপ্টার টু: জেমস লাইভ ইন ডালাস শীর্ষক কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান মুনলাইট ইভেন্টস জানিয়েছে বিশাল এই ভেন্যুকে ৮টি ধাপে ভাগ করে টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে যা ৪৯ ডলার থেকে ১৫০ ডলার পর্যন্ত।

আয়োজকদের অন্যতম সদস্য সাজ্জাদুল ইসলাম গণমাধ্যমে বলেন এটি শুধু একটি কনসার্ট নয় এটি আমাদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ডালাসে এত বড় ভেন্যুতে কোনো বাংলাদেশি ব্যান্ড এর আগে পারফর্ম করেনি। যুক্তরাষ্ট্রে বসবাসরত ভক্তদের জন্য এটি বিরল এক সুযোগ।

জেমস নিজেও এই কনসার্টের জন্য ভীষণ উত্তেজিত। তার ভরাট কণ্ঠ এবং গিটারে ঝড় তুলতে প্রস্তুত। এই কনসার্টটি হবে তার ভক্তদের জন্য এক বিশেষ মুহূর্ত।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র সফরে নগরবাউলের ১০টি কনসার্ট করার পরিকল্পনা ছিল। তবে ব্যান্ডটির জনপ্রিয়তা এত বেশি ছিল যে শেষ পর্যন্ত তারা ২৫টি শো করেছে। এবারের সফরেও এমন কিছু ঘটতে পারে বলে আয়োজকরা ধারণা করছেন।

বর্তমানে নগরবাউলের লাইনআপে রয়েছেন ফারুক মাহফুজ আনাম জেমস (ভোকাল, গিটার), আহসান এলাহি ফান্টি (ড্রামস), সুলতান রায়হান খান (গিটার) ও তালুকদার সাব্বির (বেজ গিটার)।

 

All Categories