যুক্তরাষ্ট্রে পুরোনো যন্ত্রপাতির কারণে ফ্লাইট চলাচলে বড় সমস্যা

যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি সতর্ক করেছেন, বিমান চলাচলের পুরোনো নিয়ন্ত্রণ ব্যবস্থার দ্রুত আধুনিকায়ন না হলে দেশজুড়ে বড় ধরনের ফ্লাইট সমস্যা আবারও ঘটতে পারে। তিনি জানিয়েছেন, পুরোনো যোগাযোগ যন্ত্রপাতির ক্রমাগত ত্রুটির কারণে দেশের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ করতে হয়েছিল। এই পরিস্থিতি এড়াতে কংগ্রেসকে আরও অর্থ বরাদ্দের আহ্বান জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার বিকেলে নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ব্যবস্থায় বিশৃঙ্খলার কারণে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) দেশের সব বিমান বন্দরে ফ্লাইট স্থগিতের নির্দেশ দেয়। রাত ৮টা ১৫ মিনিটে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে শন ডাফি জানান, পুরোনো টেলিযোগাযোগ রাউটার অতিরিক্ত তথ্য সামলাতে ব্যর্থ হওয়ায় এই সংকটের সৃষ্টি হয়। তিনি বলেন, ‘‘পুরাতন যন্ত্রপাতি বিকল হয়েছে এবং কংগ্রেস যদি ব্যবস্থা না নেয়, তবে ভবিষ্যতেও এমন ঘটনা ঘটতে থাকবে।’’ তিনি আরও জানান, ট্রাম্প প্রশাসন সময় নতুন সরঞ্জাম বসানো হলেও পুরোনো যন্ত্রপাতির কারণে সমস্যা দেখা দিয়েছে।

মঙ্গলবার ডাফি জানান, ট্রাম্প প্রশাসন বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়নে প্রাথমিক ১২৫০ কোটি ডলার বরাদ্দ দিয়েছিল, তবে পুরো সংস্কারের জন্য প্রয়োজন ৩০০০ কোটি থেকে ৫০০০ কোটি ডলার। তিনি কংগ্রেসের কাছে অতিরিক্ত অর্থের জন্য আবেদন জানিয়েছেন।

বেসরকারি বিমান সংস্থাগুলোকে দায়ী না করে ডাফি এফএএ ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ত্রুটিকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘এটি বিমান সংস্থাগুলোর ভুল ছিল না।’’ এফএএ ইতিমধ্যে বিমান সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করছে।

স্বরাষ্ট্র মন্ত্রী মার্কওয়েন মুলিনও পুরোনো অবকাঠামোর সঙ্গে নতুন প্রযুক্তি সংযুক্ত করার পরিপ্রেক্ষিতে এই সমস্যা সৃষ্টির কথা উল্লেখ করেন। তিনি বলেন, সফটওয়্যার প্যাচ ব্যর্থতার কারণে পুরো ব্যবস্থা পুনর্গঠন প্রয়োজন।

ডাফি বলেন, একই ধরনের সমস্যা আবার হতে পারে, কারণ পুরোনো প্রযুক্তি সব ধরনের বিপর্যয় রোধ করতে সক্ষম নয়। তিনি নিউইয়র্কে জাতিসংঘের সম্মেলন ও নিউয়ার্ক বিমানবন্দরে একই ধরনের সমস্যা হওয়ার কথা উল্লেখ করেন।

ফ্লাইট স্থগিতাদেশ প্রায় চার ঘণ্টা পর প্রত্যাহার করা হয়। এই সময় হাজার হাজার ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরে ধীরে ধীরে ফ্লাইট চালু হয়, তবে সপ্তাহান্ত পর্যন্ত প্রভাব থাকতে পারে বলে সতর্ক করেছে কিছু বিমান সংস্থা।

ডেল্টা এয়ারলাইনস তাদের সব ফ্লাইট চালু করেছে, ইউনাইটেড এয়ারলাইনসও কার্যক্রম শুরু করেছে। তবে শুক্রবার রাতের কিছু ফ্লাইট এবং শনিবারও বিঘ্নের আশঙ্কা রয়েছে। ফ্রন্টিয়ার এয়ারলাইনস স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে, আর জেটব্লু শুক্রবারের বাকি ফ্লাইট বাতিল করে শনিবারও বিঘ্ন চলতে পারে বলে জানিয়েছে।

All Categories