যে ২৪ ফুটবলার নিয়ে ভারতে গেল বাংলাদেশ দল
বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। মঙ্গলবার রাতে প্রথমবারের মতো দলের সঙ্গে অনুশীলন করেন তিনি। এরপর বিশ্রামের সুযোগ না নিয়ে বুধবার সকালেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ দল। ২৭ জনের প্রাথমিক দল থেকে তিনজনকে বাদ দিয়ে ২৪ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে সফরে গেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।
বুধবার টিম হোটেলে ২৭ জন খেলোয়াড় নিয়ে ফটোসেশন হয়, এরপর সন্ধ্যায় কিংস অ্যারেনায় হয় অনুশীলন। শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ। অন্যদিকে, সর্বশেষ ঘোষিত দলে ছিলেন না হামজা চৌধুরী ও আল-আমিন; তারা এবার চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন। এর আগে, ৩০ সদস্যের প্রাথমিক দল থেকে চোটের কারণে ছিটকে যান ফাহমিদুল ইসলাম, সুশান্ত ত্রিপুরা ও পাপন সিং।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে দলের ম্যানেজার আমের খান জানান, "কোচিং স্টাফের পরিকল্পনা অনুযায়ী খেলার ধরন নির্ধারিত হবে। তবে এবার আমরা একটু বাড়তি আশাবাদী। হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি পুরো দলের পরিবেশ বদলে দিয়েছে। তার উপস্থিতিতে দল আরও উজ্জীবিত হয়েছে, যা আমাদের ভালো ফল পেতে সহায়ক হবে।
দলের ডিফেন্ডার তপু বর্মণও হামজার প্রশংসা করে বলেন,হামজা কাল অফিসিয়ালি আমাদের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছে। এটা আমাদের জন্য ইতিবাচক দিক। সে পুরোপুরি ফিট এবং সহজেই দলের সঙ্গে মানিয়ে নিয়েছে।
আগামী ২৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে পাঁচদিন আগেই ভারতে পৌঁছেছে লাল-সবুজের প্রতিনিধিরা।