ভয়ের কোনো কারণ নেই, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ রয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

পাক-ভারত উত্তেজনার মধ্যেও দেশের সীমান্ত অঞ্চল সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্ত এলাকার কৃষকদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তারা নিশ্চিন্তে ফসল ঘরে তুলতে পারবেন।

বৃহস্পতিবার (৮ মে) দুপুরে দিনাজপুরের বিরল উপজেলার মোখলেসপুর ইউনিয়নের ঢেলপীর ব্লকে বোরো ধান কাটার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বাংলাদেশের প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। জনসংখ্যা বাড়লেও জমির পরিমাণ বাড়েনি। কৃষিজমি রক্ষায় সরকার নতুন ভূমি আইন ও ভূমি ব্যবহার নীতিমালা প্রণয়নের বিষয়ে ভাবছে।

এ বছর বোরো মৌসুমে ভালো ফলনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষকের পরিশ্রমে ভালো ফলন হয়েছে। গত বছর চাল আমদানি করতে হয়নি, এ বছরও প্রয়োজন হবে না।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের (বিএমডিএ) পরিচালককে নির্দেশ দিয়ে তিনি বলেন, কৃষকদের জন্য সেচ সুবিধা যেন কম দামে নিশ্চিত করা হয় এবং পানির বিল যেন হ্রাস করা হয়, যাতে কৃষকের উৎপাদন খরচ কমে এবং হয়রানির শিকার না হন।

কৃষিজমিতে অবৈধ ইটভাটা নির্মাণের বিষয়ে উপদেষ্টা বলেন, অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরইমধ্যে ২৫৬টি ভাটা বন্ধ করে দেওয়া হয়েছে।

দুর্নীতি নিয়ন্ত্রণ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, সরকার উচ্চপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি কমাতে নিরলসভাবে কাজ করছে। ১৮ কোটি মানুষের দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা চ্যালেঞ্জিং হলেও আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদুল্লাহ্ মিয়ান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক মোজাফ্ফর হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম ও পুলিশ সুপার মারুফাত হুসাইন।

All Categories