ভোটের তারিখ-সময় নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়নি: সিইসি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত তারিখ বা সম্ভাব্য সময়সীমা নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তিনি জানতে চেয়েছেন, নির্বাচন কমিশন কী ধরনের প্রস্তুতি নিচ্ছে। আমি তাঁকে জানিয়েছি, কমিশন পুরোদমে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।’

প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন বিষয়ে আলোচনা প্রসঙ্গে সিইসি আরও বলেন, ‘তিনি (প্রধান উপদেষ্টা) চান একটি ফ্রি, ফেয়ার ও ক্রেডিবল নির্বাচন। এ বিষয়ে তিনি আন্তরিক।’

গত বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সিইসি। তবে এত দিন এ বিষয়ে নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

আগামী জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘আমরা ফেব্রুয়ারি থেকে এপ্রিল সময়কালের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছি।’

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তিনি জানান, ভোটার তালিকা হালনাগাদ, ভোটকেন্দ্রভিত্তিক প্রস্তুতি, প্রযুক্তিগত ব্যবস্থা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের কাজ চলছে।

 

সিইসি আশা প্রকাশ করে বলেন, ‘আমরা চাই সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক। সে লক্ষ্যে নির্বাচন কমিশন নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

All Categories