ছাত্রলীগ নেতা সোহেল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মো. সোহেল মিয়া (৩৫) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর বাজার এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।সোহেল মিয়া উপজেলার ৭ নম্বর নবীনগর পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ ডিসেম্বর নবীনগর-রাধিকা সড়কের কনিকারা সেতু এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের জড়ো হওয়ার ঘটনায় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে পরদিন সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। ওই মামলার তদন্তে সোহেল মিয়ার সংশ্লিষ্টতার তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।তবে সোহেল মিয়ার পরিবারের দাবি, ভুয়া, মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তারা এ মামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
নবীনগর থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সোহেল মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।