ভোটের দিন যত ঘনিয়ে আসবে ভয়-সংশয় তত কাটবে: সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের দিন যত ঘনিয়ে আসবে, ভয় ও সংশয় তত কেটে যাবে।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের মেইল প্রসেসিং সেন্টারে বিদেশে পাঠানোর জন্য পোস্টাল ব্যালটের সার্বিক প্রস্তুতি ও পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং কারাবন্দীদের ভোট দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তিনি জানান, দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করা হয়েছে এবং এ ব্যালটের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
ভোটের পরিবেশ নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক দলসহ দেশের সবাই ভোট চায় এবং দেশের মঙ্গল চায়। ভোটের দিন যত এগিয়ে আসবে, মানুষের ভয় তত কমবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পোস্টাল ব্যালট প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, এই ব্যবস্থা বিশ্বে একটি মডেল হয়ে থাকবে। শুরুতে কিছু ভুল–ত্রুটি থাকতে পারে, তবে প্রথমবারের উদ্যোগ হিসেবে পোস্টাল ব্যালট নিয়ে আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে এ ব্যবস্থা আরও বিস্তৃত হবে এবং এতে সন্তুষ্টির মাত্রাও বাড়বে।
পোস্টাল ব্যালট কার্যক্রম বাস্তবায়নে নানা চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সিইসি বলেন, এ ক্ষেত্রে বহু ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। বিশেষজ্ঞদের মতামত নিয়ে প্রতিটি চ্যালেঞ্জ সামাল দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, ভোট উৎসব হবে ইনশাআল্লাহ। আজকের এই আয়োজনও সেই ভোট উৎসবেরই অংশ।