ভারতে আওয়ামী লীগের অফিস দ্রুত বন্ধ করতে হবে,আহ্বান ঢাকার
ভারতের রাজধানী নয়াদিল্লি ও পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধের জন্য আহ্বান জানিয়েছে ঢাকা। বুধবার (২০ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা-কর্মীরা ভারতের মাটিতে বৈধ বা অবৈধভাবে অবস্থান করে কার্যালয় স্থাপনসহ বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছে—যা বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের বিরুদ্ধে সুস্পষ্ট চ্যালেঞ্জ।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় বাংলাদেশে জনমত উত্তেজিত হতে পারে এবং দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধার ভিত্তিতে গড়ে ওঠা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, অনেক সিনিয়র নেতা মানবতাবিরোধী অপরাধে দায়ের করা মামলায় পলাতক থেকে ভারতের ভূখণ্ডে অবস্থান করছে। গত ২১ জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিও’র আড়ালে দলের কিছু নেতা গণসংযোগ কর্মসূচির পরিকল্পনাও করেছিল।
সেই সঙ্গে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একাধিক প্রতিবেদনও উদ্ধৃত করা হয়, যেখানে দলটির “ভারতের মাটি থেকে কার্যক্রম পরিচালনার” তথ্য উঠে এসেছে।
বাংলাদেশ সরকার ভারতকে আহ্বান জানায়, যেন কোনো বাংলাদেশি নাগরিক ভারতের ভেতর থেকে বাংলাদেশের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে এবং দ্রুতই ওইসব রাজনৈতিক অফিস বন্ধ করা হয়।
অন্যদিকে, দিল্লি এ অভিযোগকে “ভিত্তিহীন” বলে নাকচ করেছে এবং জানিয়েছে, ভারতে আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক অফিস নেই।