ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত চায় না বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা
কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে সংঘাত সৃষ্টি হোক, বাংলাদেশ তা চায় না।
রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমরা দক্ষিণ এশিয়ায় শান্তি চাই। ভারত-পাকিস্তানের মধ্যে বৈরিতা দীর্ঘদিনের। আমরা চাই, আলাপ-আলোচনার মাধ্যমে উত্তেজনার অবসান ঘটুক।
মধ্যস্থতার প্রসঙ্গে তিনি বলেন, সৌদি আরব কিংবা ইরান মধ্যস্থতার চেষ্টা করতে পারে, তবে বাংলাদেশের এখন এ ধরনের কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই। "তারা যদি চায়, আমরা সহায়তা করতে পারি। তবে আমরা আগ বাড়িয়ে কিছু করবো না," জানান তিনি।
ভারতে বাংলাদেশিদের গ্রেফতার হওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে মো. তৌহিদ হোসেন বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। "পত্রপত্রিকায় কিছু খবর দেখেছি। অফিসিয়ালি কিছু জানালে বিষয়টি খতিয়ে দেখা হবে। তাছাড়া গ্রেফতারকৃতরা আদৌ বাংলাদেশি কি না, সেটিও প্রমাণসাপেক্ষ, বলেন তিনি।