ভাড়া করা বন্ধুরা প্রেমিককে মৃত ভেবে নদীর তীরে ফেলে গেলো
কেরালার মালাপ্পুরম জেলার তিরুরে এক ১৯ বছর বয়সী কিশোরীর পরিকল্পনায় প্রেমিককে অপহরণ, ছিনতাই ও হত্যা চেষ্টা চালানো হয়েছে। পুলিশ এই ঘটনায় জড়িত তিন নারী ও দুই পুরুষকে গ্রেফতার করেছে।
তদন্তে জানা গেছে, সাফানা নামের ওই তরুণী তার প্রেমিককে মুক্তি দিতে না চেয়ে বন্ধুরা ভাড়া করে তাকে অপহরণ করার পরিকল্পনা করেন। সাফানা পালাক্কাদ জেলার পাত্তাম্বির বাসিন্দা। পরিকল্পনায় তিরুরের নাদিয়া (২০), রাবিবা (২৫) এবং ইরশাদ (২৮), আজহারউদ্দিন (২৫) নামের দুই পুরুষও ছিল।
ঘটনার সময় প্রেমিককে রাতের বেলা তিরুরে ডেকে এনে বন্ধুরা তাকে একটি গাড়িতে তুলে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে মৃত ভেবে থাজেপালাম নদীর তীরের কাছে ফেলে পালিয়ে যায় তারা।
আহত যুবক পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বুধবার ভোরে তিরুর থানার পুলিশ পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তদের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। ইরশাদ ও আজহারউদ্দিনের অতীত অপরাধের তথ্য পুলিশের উদ্বেগ বাড়িয়েছে। তারা মাদক পাচার, হত্যাচেষ্টা ও সহিংসতার মামলায় আগেও জেল খেটেছে এবং কেরালা অ্যান্টি-সোশ্যাল অ্যাক্ট-এর আওতায় আইনি পদক্ষেপ নেওয়া হয়েছিল। পুলিশ পুরো ঘটনার পেছনের কারণ ও প্রত্যেকের ভূমিকা খতিয়ে দেখছে।