উপদেষ্টা আসিফের দু’টি অস্ত্রের লাইসেন্স ইস্যু কুমিল্লা থেকে

ব্যক্তিগত নিরাপত্তা ও ব্যবসায়িক প্রয়োজনে কেউ চাইলে আগ্নেয়াস্ত্র রাখতে পারেন। তবে অস্ত্রের লাইসেন্স নেওয়া মোটেও সহজ নয়। অনুমতির প্রক্রিয়া বেশ লম্বা আবেদনকারীকে পাড়ি দিতে হয় কয়েকটি ধাপ—প্রথমে আবেদন করতে হয় নির্ধারিত ফরমে, এরপর হয় বিস্তারিত যাচাই-বাছাই, পুলিশি প্রতিবেদন, জেলা প্রশাসকের সুপারিশ এবং সবশেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন।

বয়স ৩০ হয়নি, ধারাবাহিকভাবে আয়করও দেননি—তারপরও সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কুমিল্লা জেলা প্রশাসনের মাধ্যমে দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সরকারি নথি অনুযায়ী, গত বছরের ৩ ডিসেম্বর আসিফ মাহমুদের নামে একটি শটগানের (লাইসেন্স নম্বর ১৬৯১) এবং ১৫ ডিসেম্বর একটি পিস্তলের (লাইসেন্স নম্বর ১২৫৪) লাইসেন্স ইস্যু করা হয়। অথচ অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স পেতে বয়স হতে হয় ৩০ থেকে ৭০ বছরের মধ্যে। ওই সময় তাঁর বয়স ছিল ২৫ বছর ১১ মাস ১৮ দিন।

পাশাপাশি অস্ত্র আইনে বলা আছে, পিস্তল বা রিভলবারের লাইসেন্স পেতে হলে টানা তিন অর্থবছর বছরে অন্তত তিন লাখ টাকা এবং শটগানের ক্ষেত্রে এক লাখ টাকা আয়কর দিতে হয়। তবে মন্ত্রী, প্রতিমন্ত্রী বা সমমর্যাদার ব্যক্তিদের ক্ষেত্রে বয়স ও করের এসব বাধ্যবাধকতা থাকে না। উপদেষ্টার পদ সে তালিকায় পড়ে কি না, তা নিয়ে রয়েছে মতভেদ।

এ বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে  বলেন, ‘আসিফ মাহমুদকে সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বিবেচনা করেই লাইসেন্স দেওয়া হয়েছে।’

এদিকে, গত রোববার মরক্কোয় অনুষ্ঠেয় ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২৫’-এ অংশ নিতে ঢাকা থেকে তুরস্ক হয়ে দেশটিতে যাওয়ার পথে হজরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রি-বোর্ডিং স্ক্রিনিংয়ে আসিফ মাহমুদের সঙ্গে থাকা ব্যাগ থেকে একটি অ্যামোনেশন ম্যাগাজিন পাওয়া যায়।

তখন তিনি সেটি তাঁর প্রোটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেন এবং বিমানবন্দরের নিরাপত্তা কর্মীদের কাছে দুঃখ প্রকাশ করেন।

আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থা (আইকাও), বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)-এর নিয়ম অনুযায়ী, কেবিন ব্যাগে গুলি বা ম্যাগাজিন বহন সম্পূর্ণ নিষিদ্ধ। তবে ঘোষণাসাপেক্ষে চেক-ইন লাগেজে লকড প্যাকেজে এসব বহনের সুযোগ রয়েছে।

All Categories