তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তির বিধান বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন–সম্পর্কিত রিটের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে হাইকোর্ট। রায়ে সংশোধনীর দুটি ধারা (২০ ও ২১) ও তিনটি অনুচ্ছেদ [৭(ক), ৭(খ) ও ৪৪(২)] বাতিল ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অধীনে থাকা গণভোটের বিধান পুনরায় যুক্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) ১৩৯ পৃষ্ঠার এ পূর্ণাঙ্গ রায় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত বছরের ১৭ ডিসেম্বর এই রায় দেন।
রায়ে বলা হয়, ২০১১ সালের পঞ্চদশ সংশোধনী আইনের ৪৭ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী। তাই সেটি বাতিল করা হলো এবং ১৪২ অনুচ্ছেদে গণভোট সংক্রান্ত বিধান পুনর্বহাল করা হলো।
তবে আদালত পুরো পঞ্চদশ সংশোধনী আইন বাতিল করেনি। রায়ে বলা হয়, সংসদ চাইলে আইনি প্রক্রিয়ায় জনগণের মতামতের ভিত্তিতে অন্যান্য সংযোজন, সংশোধন ও পরিমার্জন করতে পারবে।
২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়। এরপর ৩ জুলাই গেজেট প্রকাশ করা হয়। ওই আইনের মাধ্যমে সংবিধানের ৫৪টি জায়গায় পরিবর্তন আনা হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা।
২০২৩ সালের ১৮ আগস্ট এই সংশোধনী চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, মানবাধিকারকর্মী খুশী কবির, অধ্যাপক আহমেদ কামাল, আইনজীবী শাহদীন মালিক ও অধ্যাপক জহুরুল ইসলাম।
ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ১৯ আগস্ট রুল জারি করে। এরপর রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ১৭ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। সেই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি আজ মঙ্গলবার প্রকাশ করা হয়।