টঙ্গীতে আগুনের পর ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে।

কারখানাটিতে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। আজ সকালে কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু সাঈদের সই করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানার সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে কবে নাগাদ কার্যক্রম আবার শুরু হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি।

গতকাল সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে, পরে বিভিন্ন ফায়ার স্টেশনের আরও ইউনিট যুক্ত হয়। মোট ২১টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত ১১টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাসহ তিন সদস্য আহত হন। আহত ওয়্যারহাউস ইন্সপেক্টর নূর উদ্দিন ও জহিরুল ইসলামকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ফায়ার ফাইটার কালামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম জানান, আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার সঠিক কারণ নিরূপণ করা সম্ভব হয়নি, তবে বিষয়টি তদন্ত করে দ্রুতই সঠিক কারণ জানানো হবে।

কারখানার জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, তাদের কারখানায় প্রায় ২০০ শ্রমিক কাজ করেন। হঠাৎ চতুর্থ তলা থেকে ধোঁয়া বের হতে দেখে শ্রমিকেরা চিৎকার শুরু করেন এবং জরুরি অ্যালার্ম বাজানো হয়। শ্রমিকেরা দ্রুত ও নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন। তিনি জানান, কারখানাটিতে কোনো দাহ্য পদার্থ নেই এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

All Categories