টিউলিপের কোনো চিঠি সরকার পায়নি: প্রেস সচিব
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে টিউলিপ সিদ্দিক তাঁর সঙ্গে দেখা করতে চান বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও, এ বিষয়ে কোনো চিঠি এখনো অন্তর্বর্তী সরকার পায়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
ইউএনবিকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সরকার এখনো এমন কোনো চিঠি পায়নি।” তিনি আরও যোগ করেন, “আমরা এমন কিছু নিয়ে মন্তব্য করতে পারি না, যা আমরা দেখিনি।”
প্রসঙ্গত, অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে সোমবার সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
টিউলিপ সিদ্দিক তার যাচাইকৃত এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, “আমি কোনো ভুল করিনি এবং আমার লুকানোর কিছু নেই। আপনি যদি সত্য খুঁজে বের করার বিষয়ে আন্তরিক (সিরিয়াস) হন, তাহলে কথা বলুন।” তিনি প্রধান উপদেষ্টাকে ট্যাগ করে দ্য গার্ডিয়ান প্রকাশিত একটি প্রতিবেদনও শেয়ার করেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের সাবেক নগরমন্ত্রী টিউলিপ সিদ্দিক লন্ডনে অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করতে চেয়ে চিঠি পাঠিয়েছেন। অন্তর্বর্তী প্রশাসনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে যুক্তরাজ্য সরকার থেকে পদত্যাগের পর, “ভুল বোঝাবুঝি” দূর করতে তিনি এই সাক্ষাৎ চান বলে জানা গেছে।
এদিকে, টিউলিপের খালা ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সম্প্রতি তার অনুপস্থিতিতে বিচার শুরু হয়েছে। বাংলাদেশ কর্তৃপক্ষের অভিযোগ, শেখ হাসিনার শাসনামল থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন টিউলিপ সিদ্দিক।
সূত্র: ইউএনবি