টি-টোয়েন্টির নেতৃত্বে লিটন, সহ-অধিনায়ক মেহেদী

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। আজ রোববার সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘোষণার মধ্য দিয়েই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটনকে দায়িত্ব দিয়েছে বোর্ড।

এর আগেও কয়েকবার জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন। তবে এবারই প্রথম দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব পেলেন তিনি। তার ডেপুটি হিসেবে সহ-অধিনায়ক করা হয়েছে অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে। যদিও সহ-অধিনায়ক হিসেবে মেহেদীর দায়িত্ব আপাতত এই দুই সিরিজের জন্যই সীমিত রাখা হয়েছে।

নতুন অধিনায়কত্বের ঘোষণা এল এমন এক সময়ে, যখন টি-টোয়েন্টি দলে নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা চলছিল। নাজমুল হোসেন শান্ত দায়িত্ব ছাড়ার পর নেতৃত্বের ভার কে পাবেন সে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে অন্তর্বর্তীকালীনভাবে নেতৃত্ব দিয়ে সফল হওয়ায় এবার লিটনের ওপরই আস্থা রাখল বিসিবি।

ঘোষিত দলে নেই পেসার তাসকিন আহমেদ। অধিনায়ক হওয়ার আলোচনায় থাকলেও চোটের কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন তিনি। এ ছাড়া বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও রিপন মণ্ডল।

প্রিমিয়ার লিগে আম্পায়ারের সঙ্গে বিতর্কে জড়ানোয় আলোচনায় থাকা তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়ও সুযোগ পাননি এই দলে।

ঘোষিত দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পেসার নাহিদ রানা। আবার ফিরেছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি স্পিনার তানভির ইসলাম। চোট কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন মুস্তাফিজুর রহমান।

বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), শেখ মেহেদী হাসান (সহ–অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

All Categories