Jun 22, 2025
টেস্টকে বিদায়, লক্ষ্য এখন আরেকটি বিশ্বকাপ: ম্যাথিউস

টেস্টকে বিদায়, লক্ষ্য এখন আরেকটি বিশ্বকাপ: ম্যাথিউস

২০০৯ সালে গলে বাংলাদেশের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের। ১৬ বছর পর সেই একই মাঠে, একই প্রতিপক্ষের বিপক্ষেই শেষ টেস্ট খেললেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক। গলে অনুষ্ঠিত এই নিষ্প্রাণ ড্র ম্যাচটিতে ফলের চেয়েও বেশি আলোচনায় ছিলেন ম্যাথিউস, যিনি আনুষ্ঠানিকভাবে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন।

তবে এখানেই শেষ নয় আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে ম্যাথিউসের সম্পর্ক। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডারের চোখ এখন ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে। বিদায় বলতে চান একটি বিশ্বকাপ হাতে নিয়েই।

শুধু গলে বিদায় নেওয়াই নয়, এই মাঠে নিজের একান্ত একটি কীর্তিও গড়েছেন ম্যাথিউস। ৩৪টি টেস্ট খেলে ২,২৫৩ রান করে তিনি গলে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগ চেপে রাখতে পারেননি তিনি।

ম্যাথিউস বলেন, ‘সত্যি বলতে, উইকেটটা বোলারদের জন্য কঠিন ছিল। মাঝে মাঝে একটু টার্ন করছিল, কিন্তু তেমন কিছু না। আমরা জয়ের জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত, পারিনি।

লাল বলের ক্রিকেটকে বিদায় জানিয়ে এখন সাদা বলের দিকে মনোযোগ ম্যাথিউসের। বিশেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে রয়েছে তাঁর বিশেষ পরিকল্পনা।

আমার আরও ছয় মাস বাকি আছে। আমি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমার সেরাটা দেব। আমি চাই, বিশ্বকাপ জিতে ক্রিকেটকে বিদায় জানাতে। দেখা যাক, শরীর কেমন সাড়া দেয়।

২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ম্যাথিউস। ভারতের বিপক্ষে ফাইনালে বল হাতে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছিলেন। ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে সেই সোনালি ট্রফিটিই আবার ছুঁতে চান।

টেস্ট থেকে বিদায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠে-চলাফেরায় যে ভালোবাসা পেয়েছেন, তাতে অভিভূত ম্যাথিউস।

আমি সত্যি আপ্লুত। ভাবিনি এত ভালোবাসা পাব। এটা বিশেষ অনুভূতি। যখন আপনি দেশের হয়ে ১১০% দেন, তখন যে স্বীকৃতি আসে, তা হৃদয় ছুঁয়ে যায়। আমি সবার কাছে কৃতজ্ঞ।

টেস্ট ক্রিকেটে ২০০৯ থেকে ২০২৫—একটি দীর্ঘ অধ্যায়ের ইতি টানলেন ম্যাথিউস। এখন বাকি আর মাত্র একটি লক্ষ্য—টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতে নেওয়া। এরপরই, হয়তো চিরতরে বিদায়।

All Categories