তারেক রহমান নভেম্বর-ডিসেম্বরে ফিরছেন, বিএনপি জিতলে হবেন প্রধানমন্ত্রী

বিএনপি সরকার গঠন করলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন প্রধানমন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন বিএনপির পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বছরের শেষ দিকে ঘোষণা হবে এবং সেই অনুযায়ী নভেম্বর-ডিসেম্বরে দেশে ফিরবেন তারেক রহমান।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

হুমায়ূন কবির বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপির প্রতি আগ্রহ বেড়েছে। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং ক্ষমতায় এলে তাকেই প্রধানমন্ত্রী করা হবে।

সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়ে জানতে চাইলে হুমায়ূন কবির বলেন, এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। তবে সেখানে দেশের রাজনৈতিক পরিস্থিতি, তারেক রহমানের দৃষ্টিভঙ্গি এবং ক্ষমতায় গেলে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবেন এসব বিষয় আলোচনায় উঠে আসে।

সুধী সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী এবং সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করেন অতিথিরা।

All Categories