তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি চলছে
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিলের শুনানি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ আগস্ট) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চে এ শুনানি শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট মাকসুল্লাহ।
সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে মাকসুল্লাহ জানান, সকাল ৯টা থেকে ভয়াল ২১ আগস্ট মামলার আপিলের শুনানি শুরু হয়েছে। তিনি বলেন, “দুই মামলার কাগজপত্রের সংখ্যা ১৫ হাজার ৪৭৭ পাতা। দীর্ঘ ও তথ্যবহুল যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
এর আগে, গত ১ জুন রাষ্ট্রপক্ষকে এই মামলার রায়ের বিরুদ্ধে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ। গত ১২ জানুয়ারি হাইকোর্ট তারেক রহমান, লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের নেতৃত্বাধীন বেঞ্চ বিচারিক আদালতের রায় বাতিল করে রায়ে বলেন, মামলাটির বিচার প্রক্রিয়া ছিল অবৈধ এবং আইনগত ভিত্তিতে টেকসই নয়। আদালত আরও মন্তব্য করেন, চার্জশিট আইনত গ্রহণযোগ্য ছিল না।
২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। এ হামলায় দলের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। গুরুতর আহত হন শেখ হাসিনাসহ শতাধিক নেতাকর্মী। অনেক আহত আজও শরীরে গ্রেনেডের স্প্লিন্টার বহন করে কষ্টের জীবন পার করছেন, কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন।
২০১৮ সালের ১০ অক্টোবর বিচারিক আদালত এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং তারেক রহমানসহ আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ওই বছরের ২৭ নভেম্বর মামলার নথি ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পৌঁছে।