তানজিন তিশা ও সামিয়া অথৈ-এর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ
অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈ-এর সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ। সংগঠনটি জানায়, দুই অভিনেত্রীর মধ্যে বিরোধ মীমাংসার জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও কেউই সংগঠনের ডাকে সাড়া দেননি। এ কারণে তাদের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৪ অক্টোবর দুই অভিনেত্রীর কাছে অভিনয়শিল্পী সংঘ থেকে চিঠি পাঠানো হয়। এর আগে ৭ জুলাই তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু কেউই ওই নোটিশের জবাব দেননি। এরপর সংগঠনটি তাদের সদস্যপদ স্থগিত করে।
সদস্যপদ স্থগিতের ঘটনার কিছুক্ষণ পর তানজিন তিশা সামাজিক মাধ্যমে লাইভে এসে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, তার অভিনীত চরিত্রে কোনো কাটছাঁট করা হয়নি এবং কে আগে কী করেছেন, তা দর্শকরা বুঝতে পারবেন।
তানজিন তিশা আরও জানান, সংঘের উদ্যোগে দুই পক্ষের বক্তব্য শোনা হয়েছিল এবং সালিশ বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল দুজনকে ক্ষমা চেয়ে বিবৃতি ও ভিডিও বার্তা দিতে হবে। সামিয়া অথৈ ভিডিও দেননি, তিনিও কোনো কারণে দিতে পারেননি। তিনি বলেন, নোটিশ অমান্য করার কারণেই সদস্যপদ স্থগিতের চিঠি পেয়েছেন।
তিশা বলেন, গত এক বছরে নানা ঘটনা ঘটেছে, সবকিছু একদিন প্রকাশ হবে বলে তিনি মনে করেন। তিনি আরও বলেন, আট মাস ধরে নানা বাধা এলেও তিনি থেমে থাকেননি এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তিনি কোনো ভুল করেননি।