টানা ১০ দিনের ছুটি শেষে খুলছে অফিস-আদালত

ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। শনিবার (১৫ জুন) গভীর রাত পর্যন্ত দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে হাজার হাজার মানুষ রাজধানী ঢাকায় ফিরেছেন। যাত্রীবাহী বাস, ট্রেন এবং ব্যক্তিগত গাড়িতে উপচেপড়া ভিড় দেখা গেছে। 

ঢাকার গুরুত্বপূর্ণ প্রবেশপথ গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী ও কমলাপুর টার্মিনালে ঈদের ছুটি শেষে ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। যাত্রীদের চাপ সামাল দিতে লাল সবুজ, সোহাগ, এনা, ইকোনো, শ্যামলী, স্টার লাইন, গ্রিন লাইনসহ বড় বড় পরিবহন কোম্পানির বাসগুলো বারবার যাত্রী আনা-নেওয়া করেছে। পাশাপাশি অনেক যাত্রী লোকাল বাস ও ব্যক্তিগত গাড়িতেও রাজধানীতে ফিরেছেন।

নোয়াখালী থেকে লাল সবুজ পরিবহনে করে ঢাকায় ফেরা তৌহিদুল ইসলাম জানান, তিনি সচিবালয়ে চাকরি করেন। তার ভাষ্য, “বাস কাউন্টারগুলোতে ঢাকামুখী যাত্রীর প্রচুর ভিড় ছিল। যারা আগে থেকেই ফিরতি টিকিট কেটেছিলেন, তারা অপেক্ষা করছেন নির্ধারিত বাসের জন্য। আবার অনেকে টিকিট না পেয়ে লোকাল বাসে চড়েই রাজধানীর পথে রওনা হয়েছেন।”

রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের সংখ্যা ঈদের অন্যান্য দিনের তুলনায় শনিবার বেশি ছিল। ঢাকার প্রবেশমুখগুলোতে যান চলাচল বেড়ে গেলেও উল্লেখযোগ্য ভোগান্তির খবর পাওয়া যায়নি। রাজধানীর ভেতরও অন্যান্য দিনের তুলনায় আজ যানবাহন ও মানুষের চলাচল বেশি দেখা গেছে।

 

All Categories