Apr 27, 2025
টালমাটাল অবস্থায় বিসিবি,জরুরি অনলাইন সভা বিকালে

টালমাটাল অবস্থায় বিসিবি,জরুরি অনলাইন সভা বিকালে

বিভিন্ন ইস্যুতে টালমাটাল অবস্থার মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে আজ রোববার (২৭ এপ্রিল) বিকেলে জরুরি সভায় বসছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বিকেল ৪টায় অনলাইনে (জুম) এই সভা অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন বিসিবির এক পরিচালক।

এর আগে গত ২৪ মার্চ বিসিবির ১৯তম কার্যনির্বাহী সভা হওয়ার কথা ছিল। তবে সেদিন তামিম ইকবালের ডিপিএলে ম্যাচ খেলার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সভা স্থগিত করা হয়। বিসিবির পরিচালকরা তখন তামিমকে দেখতে ছুটে যান। পরে নতুন করে আজকের দিনের জন্য সভার আয়োজন করা হয়েছে।

সম্প্রতি বোর্ডের নানা কর্মকাণ্ড নিয়ে সমালোচনা চলছে ক্রিকেট মহলে। ক্রিকেটপাড়ায় গুঞ্জন রয়েছে, বিসিবির সভাপতি ফারুক আহমেদ বোর্ডের ফিক্সড ডিপোজিট থেকে ১২০ কোটি টাকা সরিয়েছেন। এ নিয়ে গতকাল বিসিবির পক্ষ থেকে ব্যাখ্যা দিলেও আজকের সভায় বিষয়টি নিয়ে আরও আলোচনা হতে পারে।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে বিশৃঙ্খলা, বিশেষ করে তাওহীদ হৃদয়কে ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত এবং তা নিয়ে ক্রিকেটারদের ক্ষোভের বিষয়টিও আজকের আলোচনার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তামিম ইকবালসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটার সম্প্রতি বিসিবি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে তিনটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

সাম্প্রতিক এই সব ইস্যুতে বিসিবি যে চাপে রয়েছে, তা বোর্ডের ভেতর-বাইরের পরিবেশেই স্পষ্ট। আজকের জরুরি সভায় সমাধানের কোনো পথ খোঁজা হয় কি না, সেদিকেই এখন তাকিয়ে দেশের ক্রিকেটাঙ্গন।

All Categories