‘শূন্য’ রিটার্ন দিলে সর্বোচ্চ শাস্তি ৫ বছরের কারাদণ্ড: এনবিআর
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আয়কর রিটার্নে সব ঘরে শূন্য লিখে ‘শূন্য রিটার্ন’ দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। করদাতাদের প্রতি এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
রোববার (১০ আগস্ট) এনবিআরের জারি করা এক নির্দেশনায় বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে শূন্য রিটার্ন দাখিল নিয়ে যে প্রচারণা চলছে, তা সম্পূর্ণ ভুল ধারণাভিত্তিক ও বিভ্রান্তিকর। আয়কর আইন ২০২৩–এ ‘জিরো রিটার্ন’ নামে কোনো বিধান নেই।
নির্দেশনায় আরও বলা হয়, করদাতাকে প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় রিটার্নে উল্লেখ করতে হবে। করযোগ্য আয় না থাকলে কর দিতে হবে না। তবে মিথ্যা তথ্য দিলে আয়কর আইনে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।
শনিবার (৯ আগস্ট) ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)–এর এক অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, ‘জিরো বা শূন্য রিটার্ন কনসেপ্ট আয়কর আইনে নেই। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। করদাতা রিটার্নে যা ঘোষণা দেন, সেটাই তাঁর বক্তব্য হিসেবে গণ্য হয়। তা যদি মিথ্যা প্রমাণিত হয়, তাহলে আইন অনুযায়ী সর্বোচ্চ পাঁচ বছরের জেল হতে পারে।
এনবিআর চেয়ারম্যান জানান, শূন্য রিটার্ন দাখিলের বিষয়ে ইতিমধ্যে সংস্থাটি কঠোর অবস্থান নিয়েছে এবং এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।