স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিত এক বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত চারটি আইনের সংশোধনী অনুমোদন দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক। আজ উপদেষ্টা পরিষদ বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ–সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।

পরে আরেকটি পোস্টে তিনি জানান, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ—সব ক্ষেত্রেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
এই সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় সরকার নির্বাচনে এখন থেকে প্রার্থীরা নির্দলীয়ভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সংশ্লিষ্ট আইনের গেজেট প্রকাশের পর এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।
সংশোধনী খসড়ায় বলা হয়েছে, দলীয় প্রতীক ব্যবস্থার কারণে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় বিরোধ, সহিংসতা ও প্রভাব বিস্তারের প্রবণতা বেড়েছে। অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।