সরকার ব্যর্থ, জুলাই সনদ এবার প্রকাশ করবে এনসিপি: নাহিদ ইসলাম

সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হওয়ায় ‘জুলাই সনদ’ এবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রকাশ করবে বলে জানিয়েছে দলটি। রবিবার সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, গত বছরের জুলাইয়ে অনুষ্ঠিত গণঅভ্যুত্থানের পর জনগণ সরকারের কাছ থেকে একটি স্পষ্ট ঘোষণাপত্রের প্রত্যাশা করেছিল। ৩০ দিনের সময়সীমা পার হয়ে গেলেও সরকার কোনো ঘোষণা দেয়নি। এখন এনসিপিই জনগণের পক্ষ থেকে ‘জুলাই সনদ’ প্রকাশ করবে।

তিনি জানান, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র ও জনতার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে পাঠ করা হবে এই ঘোষণাপত্র। এর আগে, ১ জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি, যা চলবে ৩০ জুলাই পর্যন্ত। এ সময় সারাদেশে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন দলের নেতারা।

সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, “যারা আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় আসবেন, তাদের নির্বাচনের আগেই জনগণকে জানাতে হবে—বিচার প্রক্রিয়া কীভাবে চলবে, কোন রোডম্যাপে দেশ পরিচালিত হবে। এসব বিষয়ে তাদের স্পষ্ট প্রতিশ্রুতি থাকতে হবে।

এনসিপির দাবি, সরকার ঘোষিত ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন করার সিদ্ধান্ত বিভাজন তৈরি করতে পারে। দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়।

দলটির নেতারা বলেন, ‘জুলাই সনদ’ কেবল একটি রাজনৈতিক দল নয়, বরং জনগণের সংগ্রাম ও প্রত্যাশার দলিল হিসেবে প্রকাশ করা হবে।

All Categories