শপথ নিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া দুই বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতি শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন বিচারপতিরা হলেন- বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের অনুচ্ছেদ ৯৫-এর দফা (১)-এ প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি প্রধান বিচারপতির পরামর্শক্রমে তাদের এ নিয়োগ প্রদান করেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ১৯৬৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৮৩ সালে তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। পরে ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগ এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্টের স্থায়ী বিচারক হন।
বিচারপতি ফারাহ মাহবুব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। ১৯৯২ সালে তিনি জেলা আদালতে আইন পেশা শুরু করেন। ১৯৯৪ সালের ১৫ অক্টোবর হাইকোর্টে এবং ২০০২ সালের ১৫ মে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট তিনি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান এবং ২০০৬ সালে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তিনি সাবেক মন্ত্রী অ্যাডভোকেট মাহবুবুর রহমানের কন্যা।
বিচারপতি ফারাহ মাহবুব আজিমপুর কবরস্থান রক্ষা, ধর্ষণের শিকার নারীদের দ্রুত মামলা গ্রহণে নীতিমালা প্রণয়ন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার সংরক্ষণ, শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণ প্রদান, প্রাথমিক বিদ্যালয়ের প্যানেল শিক্ষকদের সরকারিকরণ এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের হলফনামা বাধ্যতামূলক করার মতো একাধিক গুরুত্বপূর্ণ ও আলোচিত রায় প্রদান করেছেন।