সংসদের বাইরে বাজেট,উপদেষ্টা পরিষদের বৈঠকে বাজেট অনুমোদন

জুলাইয়ের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের হাল ধরেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সেই সরকারের উপদেষ্টা পরিষদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দিয়েছে।

আজ সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের এক সভায় এই বাজেট অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

নতুন বাস্তবতায় এবার সংসদের বাইরে বাজেট উপস্থাপন করা হচ্ছে ভিন্ন আঙ্গিকে। আজ বিকাল ৩টায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি টিভি ও অনলাইন মাধ্যমে বাজেট বক্তৃতা উপস্থাপন করবেন।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা। সরকার বলছে, এটি হবে সময়োপযোগী, বাস্তবায়নযোগ্য এবং আর্থিক শৃঙ্খলা ফেরানোর একটি পদক্ষেপ।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এবার বাজেটে বিশেষ গুরুত্ব পাচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং সামাজিক নিরাপত্তা খাতের সম্প্রসারণ।

সাধারণত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করা হয়। তবে অন্তর্বর্তী সরকারের অধীনে এই প্রথম সংসদের বাইরে আনুষ্ঠানিকভাবে বাজেট উপস্থাপিত হচ্ছে।

All Categories