সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের সুপারিশ জমা দিলো কারিগরি কমিটি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি নির্বাচন কমিশনের (ইসি) কাছে তাদের সুপারিশ জমা দিয়েছে। কমিটির এই প্রতিবেদনে বিদ্যমান ৩০০টি আসনের সীমানা যাচাই-বাছাই করে সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে।

আজ বুধবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক। তিনি বলেন, সীমানা নির্ধারণ আইন অনুযায়ী আমরা প্রতিবেদন তৈরি করেছি। কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটিকে আজ প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

তবে কয়টি আসনের সীমানা পরিবর্তনের সুপারিশ করা হয়েছে—সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি কিছু জানাননি।

ইসির তথ্য অনুযায়ী, আসন পুনর্নির্ধারণ নিয়ে এবার ৭৯টি আসনের সীমানা পরিবর্তনের দাবিতে ছয় শতাধিক আবেদন জমা পড়ে। এসব আবেদন যাচাই-বাছাই করতে নির্বাচন কমিশন সাত সদস্যের বিশেষায়িত কারিগরি কমিটি গঠন করে।

কমিটির আহ্বায়ক ছিলেন ইসির সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক। অন্য সদস্যরা হলেন—ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্রকর কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান এবং নির্বাচন সহায়তা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন।

এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘ভৌগোলিক অবস্থা ও অবস্থান, প্রশাসনিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা এসব বিষয় বিবেচনায় নিয়েই আসনের সীমানা পুনর্নির্ধারণ করতে হবে। এছাড়া নির্বাচন কমিশনের আইনগত এখতিয়ারও গুরুত্বপূর্ণ বিষয়।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, কারিগরি কমিটির এই সুপারিশ এখন কমিশনারদের সমন্বয়ে গঠিত বৈঠকে আলোচনা হবে। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কোন কোন আসনের সীমানায় পরিবর্তন আনা হবে।

All Categories