সংসদ নির্বাচনে পোস্টারের ব্যবহার থাকছে না: ইসি সানাউল্লাহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রচার-প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত নির্বাচন কমিশনের (ইসি) সপ্তম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, ‘বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এবার তা যুক্ত করা হচ্ছে। পোস্টারের ব্যবহার বাদ দেওয়ার ব্যাপারে সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল, আমরা একমত হয়েছি। পরিবেশবান্ধব প্রচারসামগ্রী ব্যবহারে জোর দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ব্যানার, ফেস্টুন ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংজ্ঞাও নতুনভাবে নির্ধারণ করা হয়েছে। ভোটার স্লিপ চালুর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। টি-শার্ট, জ্যাকেট ইত্যাদি ব্যবহারে পূর্বের বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে।

সভায় দুটি আলোচ্যসূচি ছিল আচরণ বিধিমালা-২০২৫ চূড়ান্তকরণ এবং সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ।

ইসি কমিশনার বলেন, ‘আমরা আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছি। তবে সংসদীয় আসনের সীমানা নিয়ে সময়স্বল্পতা ও কিছু উপাত্ত বাকি থাকায় আলোচনা হয়নি। আগামী সপ্তাহের শেষ নাগাদ এটি সম্পন্ন হবে।’

আচরণবিধিতে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন তুলে ধরে তিনি বলেন, ‘গুরুতর অপরাধের ক্ষেত্রে আরপিওর ৯১(ঙ) ধারা অনুযায়ী প্রার্থিতা বাতিলের বিধান আচরণবিধিতে যুক্ত করা হয়েছে। সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির তালিকায় উপদেষ্টা পরিষদের সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।’

এছাড়া সার্কিট হাউস, ডাক বাংলো, রেস্ট হাউস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ, এবং প্রার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগের বাধ্যবাধকতা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সরকারি ব্যক্তি, প্রতিষ্ঠান ও সম্পত্তি ব্যবহারে কড়াকড়ি আরোপের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় বিদেশি বিনিয়োগ গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ‘কমন প্ল্যাটফর্ম থেকে সব প্রার্থী যাতে ইশতেহার ঘোষণা করেন, সেই বিধান যুক্ত করা হয়েছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের শাস্তি বাড়িয়ে ছয় মাস কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা নির্ধারণ করা হয়েছে।’

আচরণবিধির খসড়া চূড়ান্ত করা হয়েছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, ‘চূড়ান্ত করা হয়েছে, তবে এর অনেক কিছুই আরপিও সংশোধনের ওপর নির্ভরশীল। তাই এটি প্রকাশিত হলেও তাতে উল্লেখ থাকবে “আরপিও সংশোধন সাপেক্ষে”।

All Categories