সম্পত্তি ভাগের পর ছেলেদের ঘর ছেড়ে গাছতলায় ঠাঁই নেওয়া কোটালীপাড়ার ৯৫ বছরের শামসুল হকের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সন্তানদের কাছে আশ্রয় হারিয়ে গাছতলায় ঠাঁই নেওয়া ৯৫ বছর বয়সী হাজী শামসুল হক মোল্লার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তার পক্ষ থেকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল উপজেলার উত্তর হিরন গ্রামে ওই প্রবীণের বাড়িতে যায়।

সংগঠনের সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, ছয় সন্তানকে মানুষ করার পর ৯৫ বছর বয়সে বাবার ঠাঁই গাছতলায় হওয়ার খবর প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বৃদ্ধের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী এই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক।

মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলটি শামসুল হকের শারীরিক ও পারিবারিক অবস্থার খোঁজখবর নেয় এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেয়। প্রধানমন্ত্রী বৃদ্ধের নিরাপদ আশ্রয়, পরিচর্যা ও মানবিক সহায়তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে বলেছেন বলে জানান তিনি।

মিথুন বলেন, সেখানে গিয়ে তারা জানতে পেরেছেন যে ছেলেরা বাবাকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়েছেন এবং আমৃত্যু তার দেখাশোনার আশ্বাস দিয়েছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানো হবে।

দীর্ঘ জীবন পরিশ্রম করে দুই ছেলে ও চার মেয়েকে বড় করেছেন শামসুল হক মোল্লা। সম্প্রতি জমিজমা ছয় সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পর তিনি আশ্রয়হীন হয়ে পড়েন। একপর্যায়ে বসতঘর থেকে বের করে দেওয়া হলে বাড়ির পাশের একটি গাছতলায় থাকতে বাধ্য হন তিনি।

প্রতিনিধি দলে সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমদ, শাহাদাত হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীবসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

All Categories