শেষ মুহূর্তে নাটকীয় জয়ে শিরোপা দৌড়ে টিকে রইলো রিয়াল

লা লিগার শিরোপার স্বপ্ন এখনও টিকে রাখল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে এক রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ মুহূর্তের গোলে জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। ইনজুরি টাইমে ফেদেরিকো ভালভার্দের দারুণ হাফ-ভলির গোলে ১-০ ব্যবধানে জয় আসে স্বাগতিকদের পক্ষে।

ম্যাচের ৯৩তম মিনিটে বাঁ পায়ের নিখুঁত এক শটে বল জালে পাঠিয়ে দলের ত্রাণকর্তা হন উরুগুইয়ান মিডফিল্ডার ভালভার্দে। পুরো দ্বিতীয়ার্ধজুড়ে একের পর এক আক্রমণ চালায় রিয়াল। ক্যামাভিঙ্গা, বেলিংহাম, ভিনিসিয়াসরা চেষ্টা করেও গোলের দেখা পাচ্ছিলেন না। গোলরক্ষক উনাই সিমন ছিলেন প্রাচীর হয়ে। তাঁর একের পর এক সেভে হতাশ হচ্ছিল রিয়ালের আক্রমণভাগ।

শেষ দিকে ভিনিসিয়াস জুনিয়রের নেওয়া একটি শট জালে ঢুকলেও ভিএআরের সিদ্ধান্তে অফসাইডের জন্য বাতিল হয় গোলটি।

একপর্যায়ে মনে হচ্ছিল, গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট খুইয়ে শিরোপার লড়াই থেকে ছিটকে পড়বে কার্লো আনচেলত্তির দল। তবে শেষ সময়ে এসে হাল ছাড়েননি ভালভার্দে। দুর্দান্ত গোল করে দলকে এনে দেন স্বস্তির জয়, স্বস্তি ফেরান কোচকেও।

এই গোলটি ভালভার্দের চলতি মৌসুমে লিগে ষষ্ঠ হলেও, ডিসেম্বরের পর এটি তাঁর প্রথম গোল। আর তাতেই জমে উঠেছে লা লিগার শিরোপার লড়াই। জয় পাওয়ায় এখন বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্ট ব্যবধান ৪, মৌসুমে বাকি রয়েছে ছয়টি ম্যাচ।

চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের বিপক্ষে ৫-১ গোলের বিশাল পরাজয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল রিয়াল। বিলবাওয়ের বিপক্ষে এই জয় সেই চেষ্টায় বাড়তি আত্মবিশ্বাস যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে খেলেননি কিলিয়ান এমবাপ্পে। তবে আসন্ন কোপা দেল রে'র ফাইনালে তিনি খেলতে পারবেন। সেই ম্যাচেই প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। শনিবারের সেই মহারণেই নির্ধারণ হতে পারে মৌসুমের ভাগ্য। তার আগে বিলবাওয়ের বিপক্ষে এই জয় নিঃসন্দেহে বড় প্রেরণা রিয়াল শিবিরে।

All Categories