সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ানো হলো
সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতা প্রয়োগের সময়সীমা আরও দুই মাস বাড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সম-পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা (কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে থাকা কর্মকর্তারাও অন্তর্ভুক্ত) সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এই ক্ষমতা প্রজ্ঞাপন জারির দিন থেকে পরবর্তী ৬০ দিন পর্যন্ত বহাল থাকবে।
সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারার আওতায় এই কর্মকর্তারা আইনগত ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।
এর আগে গত মে মাসে সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা দুই মাসের জন্য দেওয়া হয়েছিল। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সময়সীমা আরও ৬০ দিন বাড়ানো হলো।