শেখ হাসিনাসহ ১শ’ জনকে আদালতে হাজির হতে গেজেট

ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে পৃথক ছয়টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১০০ জনের নামে আদালতে হাজির হওয়ার জন্য গেজেট প্রকাশ করা হয়েছে।

গত ৩ জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের স্বাক্ষরে বিজি প্রেস (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়) থেকে এই গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে বলা হয়, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আছে এবং আদালতের কাছে যুক্তিসঙ্গত ভিত্তি রয়েছে যে তারা আত্মগোপন করেছেন। আশু গ্রেপ্তারের সম্ভাবনা না থাকায় ১৯৫৮ সালের ক্রিমিনাল ল’ (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্টের ৬(১৩) ধারা অনুযায়ী তাদের ২০ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধেই বিচারিক কার্যক্রম শুরু হবে।

দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “প্লট বরাদ্দে দুর্নীতির ছয়টি মামলায় গেজেট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন আদালত, এবং সেটি বিজি প্রেস প্রকাশ করেছে।”

প্রসঙ্গত, ২০২৫ সালের ১২–১৪ জানুয়ারির মধ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান ছয়টি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ১০ মার্চ চার্জশিট দাখিল করা হয়। মামলাগুলোতে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, রাদওয়ান মুজিব সিদ্দিক, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও পুতুলসহ ক্ষমতাসীন রাজনৈতিক পরিবারের সদস্যরা এবং বিভিন্ন সরকারি কর্মকর্তাসহ মোট ১০০ জন আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

মামলাগুলোর পরবর্তী শুনানি ধার্য রয়েছে ২০ জুলাই।

 

All Categories