শেখ হাসিনার বক্তব্য প্রচার করলেই তাৎক্ষণিক ব্যবস্থা: প্রেস উইং

শেখ হাসিনার বক্তব্য প্রচার থেকে বিরত থাকার জন্য গণমাধ্যমকে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। আজ শুক্রবার সরকারের প্রেস উইং এক বিবৃতিতে এ সতর্কবার্তা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার একটি ভাষণ কিছু গণমাধ্যম প্রচার করেছে। সেখানে তিনি মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দেন।

সরকারের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছে এবং তিনি বর্তমানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন। আইন অনুসারে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ অনুযায়ী, এই দলের নেতাদের কার্যকলাপ বা বক্তব্য প্রচার, প্রকাশ কিংবা সম্প্রচার করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, টেলিভিশন বা অনলাইনে ফৌজদারি অপরাধে দণ্ডিত ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি শেখ হাসিনার অডিও সম্প্রচার করা আইনের গুরুতর লঙ্ঘন। এর আগে গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁর ঘৃণামূলক বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করেছিল।

সরকার সংবাদমাধ্যমগুলোকে সতর্ক করে বলেছে, শেখ হাসিনার যেকোনো বক্তব্য প্রচার বা পুনঃপ্রচার দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও সহিংসতা উসকে দেওয়ার ঝুঁকি তৈরি করে। এ ধরনের বক্তব্য শুধু জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়।

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের বক্তব্য প্রচার করলে সংশ্লিষ্ট গণমাধ্যমকে আইনের আওতায় এনে জবাবদিহি নিশ্চিত করা হবে।

All Categories