শেখ হাসিনার বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে
মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে দুই জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হচ্ছে।
এরইমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে।
আজ এই মামলায় দুজন সাক্ষ্য দেবেন। এর আগে গত ৬ই অগাস্ট মামলার তৃতীয় দিনের সাক্ষ্য-জেরা শেষ হয়। সেদিন প্রত্যক্ষদর্শী হিসেবে দুইজন সাক্ষী নিজেদের জবানবন্দি দেন। মামলায় এখন পর্যন্ত পাঁচজন সাক্ষী আসামীদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন।
সাক্ষীরা শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার দাবি করেন।
গত ১০ই জুলাই শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।