শেখ হাসিনা, আসাদুজ্জামান খানকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক হিসেবে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বিজ্ঞপ্তির মাধ্যমে হাজির হতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার (১৬ জুন) এ সংক্রান্ত আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।
আদেশে বলা হয়, দুই আসামিকে আদালতে হাজির করতে জাতীয় দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। আগামী ২৪ জুন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
মামলার তৃতীয় আসামি, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন এদিন ট্রাইব্যুনালে স্বশরীরে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি পরিচালনা করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
এর আগে গত ১ জুন এই মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত ঘটনাগুলো আন্তর্জাতিক আইনে মানবতা বিরোধী অপরাধের সংজ্ঞায় পড়ে।
একই আদেশে ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করে।